উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দিন থেকে ছুটির শেষ দিন পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’জ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পারকি সৈকত, ডিসি পার্ক ও কর্ণফুলী টানেল এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে।
কুরবানির আনুষ্ঠানিকতা শেষে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে আসেন সব বয়সী মানুষ। বিশেষ করে পতেঙ্গা সৈকতে সমুদ্রের ঢেউ ও সূর্যাস্ত দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফয়’জ লেকে প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন রাইড উপভোগ করতে সকাল থেকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। অন্যদিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ ও বানরসহ নানা প্রাণী দেখতে শিশুদের বিশেষ আগ্রহ ছিল। সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এছাড়া পারকি সমুদ্রসৈকত, ভাটিয়ারি সানসেট পয়েন্ট, বাটালি হিল ও নেভাল সি-বিচ এলাকায় পর্যটকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ঈদের ছুটিতে বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হলেও অতিরিক্ত ভিড়ের কারণে পতেঙ্গা ও ফয়’জ লেক এলাকায় যানজট ও পার্কিং সংকট দেখা দেয়।