উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আদালতে মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, 'ক্যাপ্টেন' শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই তিনি সব অনুসরণ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি জানান, ঘটনার দিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন।
রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাকিব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটিই তারা মেনে চলবেন। রাজনৈতিক অবস্থান থেকে এখন আর সরে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, 'ক্যাপ্টেন' যা বলবেন, তারা সেটাই অনুসরণ করবেন।
সাবেক এই অলরাউন্ডার তার কর ও ব্যাংক হিসাব বন্ধ রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, গত ১০ বছর ধরে তিনি দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা। তদন্তের কথা বলে প্রায় দেড় বছর ধরে তার ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়েছে, যা অনিয়মের প্রমাণ না মিললে দ্রুত তুলে নেওয়া উচিত।