উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) কনস্যুলেট কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ,কে এম ওয়াহিদুজ্জামান এবং ওয়াশিংটনস্থ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের গণজাগরণ। আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের পাশাপাশি হাসিনাবিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও প্রবাসীদের অবদান ছিল অপরিসীম।
সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জুলাই অভ্যুত্থানে প্রবাসী ছাত্র-জনতার ভূমিকা স্মরণ করে বর্তমান সরকারের কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। একই সাথে বক্তারা ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে অনুষ্ঠান চলাকালে জুলাই অভ্যুত্থান বিষয়ক প্রদর্শিত প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতি ও অসঙ্গতির অভিযোগ তুলে নুর হোসেন নামে এক ব্যক্তি প্রশ্ন করলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে প্রশ্নকারী নুর হোসেনকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়।