উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ায় অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মূলত শিশুদের সাইবার সুরক্ষা প্রদান, বুলিং প্রতিরোধ, ক্ষতিকর কনটেন্ট এবং অতিরিক্ত ব্যবহারের আসক্তি থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন আইন অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ যেসব প্ল্যাটফর্মের ৮০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে, সেগুলোকে বয়স যাচাই প্রক্রিয়া কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাইবার সুরক্ষার লক্ষ্যে সোমবার থেকে এই আইন বাস্তবায়ন শুরু হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যদি কোনো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এই আইন পালনে ব্যর্থ হয়, তবে তাদের ১ কোটি রিঙ্গিত জরিমানা করা হবে। তবে এই আইন ভঙ্গের জন্য সন্তানদের পিতা-মাতার ওপর কোনো শাস্তির বিধান রাখা হয়নি।
অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াও একই ধরনের আইনের কার্যকারিতা যাচাই করছে।