উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নীলফামারীর জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ স্ক্রাফ (Eskuf) সিরাপসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মো. মশিয়ার রহমানের নির্মাণাধীন বাড়ি থেকে ১৪৭ বোতল স্ক্রাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন—চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকার মৃত নছিমুদ্দিনের ছেলে মো. মশিয়ার রহমান (৩৫), তার স্ত্রী মোছা. আরজিনা বেগম এবং ডাওড়াডাঙ্গী গুচ্ছগ্রাম এলাকার মৃত সহিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উদ্ধার করা স্ক্রাফ সিরাপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের পাঠানো হবে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
জলঢাকা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।