উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিদের তথ্য নিয়ে উন্মুক্ত ডিজিটাল বা অনলাইন ডেটাবেজ ব্যবস্থাপনায় একটি কার্যকর আইনি কাঠামো কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
গত ৩০ জুলাই দণ্ডিত ব্যক্তিদের তথ্যসংবলিত অনলাইন তথ্যভান্ডার ব্যবস্থাপনা এবং সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর যুক্ত করার নির্দেশ চেয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।
আবেদনকারী আইনজীবী ফাহমিদা আখতার জানান, গৃহশিক্ষক, ব্যক্তিগত চালক বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধের অতীত ইতিহাস জানার সুযোগ খুব কম থাকে। উন্মুক্ত ডেটাবেজ থাকলে যেকোনো কাজের আগে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাকগ্রাউন্ড ও সত্যতা সহজে যাচাই করা সম্ভব হবে। এছাড়া এতে সামাজিক পর্যবেক্ষণ বাড়বে এবং সামাজিক বর্জনের ভয়ে অপরাধের প্রবণতাও কমবে।
হাইকোর্টের দেওয়া এই রুলের জবাব স্বরাষ্ট্রসচিব, আইনসচিব এবং তথ্য ও প্রযুক্তিসচিবসহ মামলার বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।