উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঈদের টানা ছুটিতে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ী, বনবিভাগ ও পর্যটন পুলিশের তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে সোমবার (১ জুন) পর্যন্ত ৫ দিনে অন্তত অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। কোনো ভোগান্তি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করে বাড়ি ফিরেছেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে মূল জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তাটি পর্যটকে পরিপূর্ণ। কেউ মূল জলপ্রপাত দেখছেন, আবার কেউ পরিকুণ্ডের গড়িয়ে পড়া পানি, বিশাল পাথর, পাহাড়ি গাছপালা ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। ভ্রমণকারীদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী এবং নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মাধবকুণ্ড ইকোপার্কের নিরাপত্তা নিয়ে বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা ও পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদের আগেই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ উদ্যোগ নেওয়া হয়। মাধবকুণ্ড এলাকায় সার্বক্ষণিক তৎপরতা ও নজরদারির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা বা হয়রানি ঘটেনি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সাথে সমন্বয় করে মাধবকুণ্ডে থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রকৃতি ও বিনোদন উপভোগ করতে পেরেছেন।