উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হাইকমিশন কার্যালয়ের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বিশেষ অতিথির বক্তব্য দেন।
এতে এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসীরা ছাড়াও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।