উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়াজুড়ে লাখো মোবাইল ফোনে একযোগে বাজতে যাচ্ছে উচ্চস্বরের জরুরি সতর্কতা সাইরেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় প্রথমবারের মতো দেশের নতুন জাতীয় জরুরি সতর্কীকরণ ব্যবস্থা 'অসঅ্যালার্ট' (AusAlert)-এর পরীক্ষামূলক সম্প্রচার চালাবে কর্তৃপক্ষ। সামঞ্জস্যপূর্ণ ফোনে ১০ সেকেন্ডের সাইরেন বাজবে, ডিভাইস ভাইব্রেট করবে এবং এটি যে কেবল একটি পরীক্ষা তা উল্লেখ করে ফুল-স্ক্রিন বার্তা প্রদর্শিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থা প্রচলিত এসএমএস-ভিত্তিক সতর্কতার পরিবর্তে 'সেল ব্রডকাস্ট' প্রযুক্তি ব্যবহার করবে। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকায় অবস্থানরত মানুষের কাছে দাবানল, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা জননিরাপত্তা সংকটে দ্রুত জীবন রক্ষাকারী বার্তা পৌঁছানো যাবে। ২০১৯-২০ সালের ভয়াবহ 'ব্ল্যাক সামার' দাবানলের পর গঠিত রয়্যাল কমিশনের সুপারিশের ভিত্তিতে অস্ট্রেলিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ক্রিস্টি ম্যাকবেইন এই ব্যবস্থা চালুর উদ্যোগ নেন।
তবে এই দেশব্যাপী পরীক্ষা ঘিরে পারিবারিক ও গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, বাধ্যতামূলক এই উচ্চস্বরের সাইরেন নির্যাতিত নারীদের গোপনে রাখা জরুরি ফোনের অস্তিত্ব প্রকাশ করে দিতে পারে। ফলে বিপদের সময় 'ট্রিপল জিরো' (০০০)-তে যোগাযোগের জন্য গোপনে ব্যবহৃত ফোনগুলো প্রকাশ পেয়ে তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
পশ্চিম সিডনিভিত্তিক 'ইমিগ্র্যান্ট উইমেনস স্পিকআউট অ্যাসোসিয়েশন'-এর প্রধান নির্বাহী মারিয়া কিসৌরি নির্যাতিত নারীদের নির্ধারিত পরীক্ষার আগেই গোপন ফোন বন্ধ রাখার বা বিশ্বস্ত কারও কাছে রাখার পরামর্শ দিয়েছেন। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ক্রিস্টি ম্যাকবেইন জানান, অ্যালার্টের শব্দে যাতে কেউ অস্বস্তি বা নিরাপত্তাহীনতায় না পড়েন, সেজন্য নির্ধারিত সময়ের আগেই ফোন বন্ধ রাখা বা এয়ারপ্লেন মোড চালু রাখা যেতে পারে।