উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে শ্রীলঙ্কা থেকে ফোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। তিনি দাবি করেন, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এবং এতে আগুন লাগে। পাশাপাশি কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এর আগে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চালায়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ছুড়ে মারা বস্তুটি পেট্রোল বোমা কি না, তা বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ইতিমধ্যে ঘটনার মূল কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে এই প্রথম হামলার অভিযোগ উঠল।