উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনা শুধু অর্থনীতি বা শ্রমবাজারের বিষয় নয়; এটি একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা ও সামগ্রিক জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
'মাইগ্রেশন গভর্ন্যান্স অ্যাজ অ্যা ন্যাশনাল সিকিউরিটি ইন্সট্রুমেন্ট বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিরক্ষা উপদেষ্টা। বিইউপিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ড. শামছুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা আর কেবল সীমানা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষের নিরাপদ চলাচল, বৈধ কর্মসংস্থান ও বিদেশে অবস্থানরত নাগরিকদের অধিকার রক্ষাও জাতীয় নিরাপত্তার অংশ। পরিকল্পিত অভিবাসন নিশ্চিত করা না গেলে তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সীমান্ত ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নিরাপদ অভিবাসন এবং মানব পাচার ও প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একটি মানবিক ও নিরাপত্তাসচেতন অভিবাসন ব্যবস্থাপনা অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তাকেও সুদৃঢ় করবে। অনুষ্ঠান শেষে তিনি বিইউপির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।