উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচের ময়লার স্তূপ থেকে একটি শপিং ব্যাগে থাকা এই দেহাংশগুলো উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মাথা ও হাত দুটি উদ্ধার করে। তবে তরুণীর শরীরের অবশিষ্ট অংশ এখনো পাওয়া যায়নি, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহত তরুণীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। উদ্ধার করা খণ্ডাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর আলামত গোপন করতে দেহ খণ্ডিত করে ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।