উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন হিজরি বছর ১৪৪৮ উপলক্ষে পবিত্র কাবা শরিফে ঐতিহ্যবাহী আয়োজনে নতুন কিসওয়া বা গিলাফ পরানো হয়েছে। মঙ্গলবার ১ মহররম ভোরে মসজিদুল হারামে এই বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরোনো গিলাফ অপসারণ করে এই নতুন কিসওয়া স্থাপন করা হয়।
পুরো কার্যক্রমের সরাসরি তদারকি করেন শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস। কিং আবদুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদরা ১০ ধাপের বিশেষ প্রক্রিয়ায় কাবার চারটি পাশে ধাপে ধাপে নতুন কিসওয়া লাগান এবং পরবর্তীতে তা কোণা ও ছাদের সঙ্গে সংযুক্ত করেন।
নতুন কিসওয়ায় মোট ৫৩টি স্বর্ণখচিত অলংকারযুক্ত অংশ রয়েছে। খাঁটি প্রাকৃতিক রেশমের কাপড়ে সোনালি ও রুপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে কোরআনের আয়াত ও নান্দনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছরের মতো এবারও নতুন কিসওয়া পরিধানের মাধ্যমে কাবা শরিফ মুসলিম বিশ্বের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের প্রতীক হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।