উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ৫ আগস্ট সেনাসদর থেকে বঙ্গভবন এবং পরবর্তীতে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ, রাজবন্দীদের মুক্তি ও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে নানা আলোচনার কথা জানান তিনি।
বঙ্গভবনের ওই বৈঠকে বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চের প্রায় ৪০ জন নেতা উপস্থিত ছিলেন বলে জানান আসিফ নজরুল। বৈঠকে খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তিশৃঙ্খলা রক্ষার যুক্তিতে জাতীয় পার্টির জি এম কাদের মার্শাল ল বা জরুরি অবস্থা জারির কথা তুললে সবাই এর প্রচণ্ড প্রতিবাদ জানান।
বঙ্গভবনের বৈঠক শেষে গভীর রাতে কার্জন হলে ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম, মাহফুজ আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। সেখানে ছাত্র নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন।
ড. ইউনূস এ প্রস্তাবে রাজি হবেন না ভেবে আসিফ নজরুল প্রথমে সংশয় প্রকাশ করলেও আসিফ মাহমুদ জানান যে ওনার সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত। একই সঙ্গে সরকারে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও ওই বৈঠকেই আলোচনা হয়।