উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচিত হলেও এখনো নিষ্পত্তি না হওয়া অডিট আপত্তিগুলোর সর্বশেষ অগ্রগতির তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী এসব তথ্য আগামী ৬ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিধিবদ্ধ নিরীক্ষা শাখা এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে।
ইউজিসি চেয়ারম্যান, মাউশি মহাপরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, এনসিটিবি চেয়ারম্যান এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বিভিন্ন বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ইতোমধ্যে নিষ্পত্তি হওয়া আপত্তিগুলো বাদ দিয়ে যেগুলো এখনো অনিষ্পন্ন রয়েছে, সেসব বিষয়ে সংসদীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সংগ্রহ করা হচ্ছে।
সংগৃহীত তথ্য শিক্ষা অডিট অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে পাঠানো হবে এবং পরে তা ফলোআপ প্রতিবেদন হিসেবে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর আগে গত ২৬ জুলাই শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুল আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক ডিও চিঠিতে অনিষ্পন্ন অডিট আপত্তির তথ্য চেয়ে তা সিএজি কার্যালয়ে পাঠানোর বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের নির্দেশনার পর একই দিনে মাউশিও অধীনস্থ সরকারি কলেজ ও সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে পৃথক নির্দেশনা পাঠিয়েছে। মাউশির সহকারী পরিচালক-২ কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত চিঠিতে অডিট আপত্তি-সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রমাণকসহ চার সেট হার্ডকপি এবং ইউনিকোড নিকস ফন্টে প্রস্তুত সফটকপি এক কার্যদিবসের মধ্যে বিশেষ বাহকের মাধ্যমে শিক্ষা ভবনে পাঠাতে বলা হয়েছে।