উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ফুটবলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলে ব্রাজিলের পরবর্তী গন্তব্য হবে ভারত। প্রথমবারের মতো ভারতীয় মাটিতে খেলতে নামবে ব্রাজিল জাতীয় দল। দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে সংস্থাটি জানায়, ব্রাজিলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর মুখোমুখি হওয়া তাদের জন্য বিশেষ ও আবেগের একটি মুহূর্ত।
তবে এই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের মূল তারকাদের মাঠে নামাবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ কোপা আমেরিকাকে লক্ষ্য রেখে এই প্রীতি ম্যাচে নতুন ও তরুণ খেলোয়াড়দের মাঠে নামিয়ে পরখ করে দেখতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।