উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ শীর্ষক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে স্বাধীনতা, দেশপ্রেম ও গণঅধিকার প্রতিষ্ঠার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো সাবেক তানযীমিয়ান গাজী সাইফ আরিফিন রাহাত।
বক্তব্যে গাজী সাইফ আরিফিন রাহাত বলেন, আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠে। অন্যদিকে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের অধিকার, আত্মমর্যাদা এবং ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের প্রতীক। শহীদ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিদ্রোহী গান, কবিতা আবৃত্তি ও একক অভিনয় পরিবেশন করে শিক্ষার্থীরা। এছাড়া রক্তাক্ত জুলাই উপলক্ষে আয়োজিত হস্তলিপি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।