উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছর হজযাত্রীদের স্বস্তি দিতে বিমান টিকিটের খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে এনেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী বলেন, গত বছর হজের বিমান টিকিটের খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছিল এবং এবার আরও ২৫ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের খরচ আরও কমানোর নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, কোনো এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। কোনো অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না। বক্তব্যের শেষে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উপস্থিত সবার কাছে দোয়া চান তিনি।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, দেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে এবং মাত্র ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। তাই হজ এজেন্সির মালিকদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল ও হাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।