উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। জেলায় পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫১. ৫৫ শতাংশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পিরোজপুর জেলার ফলাফলের এ তথ্য জানা যায়।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ, যা বরিশাল শিক্ষা বোর্ডের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।
এদিকে, পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটিতে মোট পরীক্ষার্থী ছিল ৮ জন, এর মধ্যে অংশ পরীক্ষায় অংশ নেয় ৭ জন।
জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী জানান, শিক্ষা অফিস কর্তৃক কলেজ সমূহে মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এমন ফলাফল হয়েছে।
তিনি আরও জানান, যে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, সেই দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধ্যয়নে শিক্ষকদের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৬৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন। বিভাগে সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।