উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই দুজন মন্ত্রীই তাঁদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এবং তাঁরা পদত্যাগ না করলে দেশের সর্বত্র মিছিল করা হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই হুঁশিয়ারি দেন। দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাহাজানিতে সবার জীবন নাজেহাল হয়ে পড়েছে এবং মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে তিনি সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। চলমান নৈরাজ্য ও গুম–খুনের দায় নিয়ে তাঁকে এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।