উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে দুই মাসব্যাপী জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি দেওয়া হয়েছে। সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইকবাল কবির জাহিদ, মুশতাক হোসেন, মাসুদ রানা, মোশরেফা মিশুসহ জোটের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এবং এতে বিভিন্ন ছাত্র, যুব, নারী, শ্রমিক, কৃষক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্যচুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো ধারাবাহিকভাবে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার ফলে অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো বন্দরের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।