উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং ইসি সচিব আখতার আহমেদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিব ও প্রধান যদি অনিয়মকে অস্বীকার করেন, তবে বুঝতে হবে অনিয়মকারীদের সঙ্গে তাঁদের আঁতাত রয়েছে।
এর আগে গতকাল ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট। সিইসি এ এম এম নাসির উদ্দীনও নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছিলেন। তবে জামায়াত সেক্রেটারি উপনির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা ব্যাজ ছাড়া দায়িত্ব পালনের অভিযোগ করেন। তিনি জানান, ১১-দলীয় ঐক্যের প্রার্থী এ বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাড়াহুড়ো করে কাগজে পরিচয় লিখে পকেটে টানান এবং কোনো নিয়োগপত্র দেখাতে পারেননি।
জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, নির্বাচনে আগে থেকে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরেও ইসি সচিব অনিয়মের কথা অস্বীকার করায় তা অনিয়মকে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে তৃণমূল থেকে তথ্য আসার পর পর্যালোচনা করে উপনির্বাচনের ফলাফল নিয়ে চূড়ান্ত বক্তব্য দেবেন বলে জানান গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে গণভোটের রায় মানতে হবে এবং তা না মানলে রাজনৈতিক সংকট নিরসনের বিকল্প থাকবে না। আগামী শনিবার জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি জানান, প্রায় ৪২৫ কিলোমিটারের এই যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করা হবে। লংমার্চ শান্তিপূর্ণ রাখতে এবং উসকানি বা বাধার মুখেও ধৈর্য বজায় রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।