উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভ্রমণপ্রেমীদের জন্য বিমান টিকিটের পাশাপাশি হোটেল-রিসোর্ট বুকিং, খাবার ও পানীয় এবং বিভিন্ন পর্যটন প্যাকেজে বিশেষ ছাড় নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ)-২০২৬ এসব অফার দেওয়া হচ্ছে। শুক্রবার ৩০ অক্টোবর বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হাজারও দর্শনার্থী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করছেন। পছন্দমতো স্টলে গিয়ে আলোচনা করছেন, জানতে চাচ্ছেন তাদের অফারগুলো এবং পছন্দ হলে কেউ কেউ অফার গ্রহণ করছেন।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ‘দ্য গোল্ডেন ফ্ল্যাশ’ অফারে মাত্র ১৭ হাজার টাকা নেট খরচে স্ট্যান্ডার্ড রুমে রাত্রিযাপনের পাশাপাশি বুফে ব্রেকফাস্ট উপভোগের সুযোগ রয়েছে। এ ছাড়া এখনই বুকিং করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়, যা ২০২৬ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে ‘পে ফর ওয়ান এন্ড স্ট্রে ৩ নাইটস’ অফার অনুযায়ী ১৯ হাজার ৮০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘ওশান এসকেপ’ প্যাকেজে ৪০ শতাংশ ছাড়ে স্যুইট বুকিং এবং ছুটি গ্রুপের সব রিসোর্টে ৩০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
ঢাকা ডিনার ক্রুজের উদ্যোগে শীতলক্ষ্যা, মেঘনা ও বুড়িগঙ্গা নদীতে নৌবিহারের বুকিং চলছে এবং তারা বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে। ডিনার ক্রুজ বা ডে ক্রুজে জনপ্রতি ভ্রমণমূল্য ৩ হাজার টাকা এবং দিনব্যাপী ভ্রমণের মূল্য ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। টোয়াবের আয়োজনে ১৪তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বিটিটিএফ-২০২৬। ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে ২৯ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল ৩১ অক্টোবর পর্যন্ত।
এ মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নিয়েছে এবং ২০০টির বেশি বুথ ও স্টলে বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান মেলায় অংশ নিয়েছে। ফলে দেশের ভেতরে ভ্রমণের পাশাপাশি বিদেশে হোটেল বুকিং ও পর্যটন সেবা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।