উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা সমাবেশে আসতে শুরু করেন এবং পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন।
দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চের দুই পাশে ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বড় ছবি টাঙানো হয়েছে।
এই গণবিক্ষোভ সমাবেশ বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল। বেলা ৩টার আগে থেকেই বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে ও শাহবাগে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন, যাদের অনেকেই বাসে করে আসেন।