উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার ৩০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হাসিন জাহান প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। প্রদর্শনী শনিবার ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বন্ধু ও স্বজনদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে ওয়াটারএইড বাংলাদেশ। আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি আয়োজনে রয়েছে সহযোগী সংগঠনগুলোর কাজের প্রদর্শনী, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি এবং চলচ্চিত্র প্রদর্শন। এছাড়া ভার্চ্যুয়াল রিয়েলিটি ট্যুর এবং অডিও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাস মানুষের জীবনে কী পরিবর্তন আনে তা তুলে ধরা হচ্ছে। উদ্বোধনী দিনে সহযোগী সংস্থা ও সাবেক কর্মীদের নিয়ে বিশেষ পর্বের পাশাপাশি তরুণদের সম্পৃক্ততা এবং আঞ্চলিক জেন্ডার সমতাবিষয়ক উদ্যোগ তুলে ধরা হয়। উল্লেখ্য যে ১৯৮৬ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়াটারএইড। সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিলে কাজ করছে সংস্থাটি।