উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হলেও অপরটি বিস্ফোরিত হয়নি। শুক্রবার ৩০ অক্টোবর জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।