উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ওপর চাপ কমাতে গাজীপুর, নরসিংদী-মাধবদী, মুন্সীগঞ্জ এবং ভবিষ্যৎ করিডরগুলোতে পরিকল্পিত জমি, কর্মসংস্থান ও আবাসন গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। র্যাংকন প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির ইসলাম এই প্রস্তাব পেশ করেন, যার লক্ষ্য অ্যাপার্টমেন্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ কমিউনিটি গড়ে তোলা।
প্রথমবারের গৃহমালিক, নিম্ন ও মধ্যম আয়ের পরিবার এবং তরুণ পেশাজীবীদের জন্য ৪০০ থেকে ৭০০ বর্গফুটের সাশ্রয়ী বাড়ির মালিকানা এর মূল লক্ষ্য। প্রাথমিক পাইলট প্রকল্পের আওতায় গাজীপুরে ১ লাখ, নরসিংদী-মাধবদীতে ৭৫ হাজার এবং মুন্সীগঞ্জে ৫০ হাজারসহ মোট ২ লাখ ২৫ হাজার বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গাজীপুর উত্তরমুখী শিল্প ও মহানগরীয় কর্মসংস্থান, নরসিংদী-মাধবদী টেক্সটাইল ও শিল্পশ্রমিক এবং মুন্সীগঞ্জ লজিস্টিকস ও দক্ষিণমুখী সংযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এই স্যাটেলাইট সিটিগুলোতে সাশ্রয়ী বাড়ি, কাছাকাছি কাজ, স্থানীয় সেবা ও সংযুক্ত পরিবহণ ব্যবস্থার মাধ্যমে ঢাকাকেন্দ্রিক আবাসন সংকট ও যানজট কমানো সম্ভব হবে।
প্রকল্পটি বাস্তবায়নে কম ডাউন পেমেন্ট, দীর্ঘমেয়াদি গৃহঋণ, ডেভেলপার প্রণোদনা এবং সরকারি আংশিক মর্টগেজ গ্যারান্টি প্রয়োজন। এছাড়া পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি স্যাটেলাইট সিটিতে সবুজবেষ্টনী, পানি সংরক্ষণ ব্যবস্থা, বর্জ্য পরিশোধন এবং অবকাঠামো আগে নির্মাণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।