উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা ও পৌর আওয়ামী লীগের তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি চার আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে তা বিক্রির অর্থ জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে উসকানি, ষড়যন্ত্র, নির্দেশনা এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হয়।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্ত ও বক্তব্যের পাশাপাশি কুষ্টিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের পরিকল্পনা ও নির্দেশনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতা ছিল। মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।
মামলার চার আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হয়। তবে তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আদালতে প্রতিনিধিত্ব করেন।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল মামলাটি।
রায়ে চার আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় করা এই মামলার রায় জুলাই গণ–অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।