উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জলঢাকা উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের চৌধুরী মার্কেটস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জলঢাকা উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আহম্মেদ সাইদ চৌধুরী ডিডু, জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি মালেকুজ্জামান দুদুল
মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বাবু, উপজেলা সমবায় দলের আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (সাজু), মনিরুজ্জামান শান্তসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি। তাই দেশপ্রেম, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক ঐক্যকে ধারণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।