উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের রাতভর বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দৌলতপুর থানা সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানে ২০ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুই আসামিকে, জুয়া খেলার অভিযোগে ছয়জনকে এবং অন্যান্য নিয়মিত মামলার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।