উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাকিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
পুলিশ জানায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শাকিলের ওপর হামলা চালিয়ে দুটি গুলি করে। পালানোর সময় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ঘটনার পর ১৯ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়। তদন্তের স্বার্থে সে সময় বিস্তারিত কিছু জানানো হয়নি বলে পুলিশ জানিয়েছে। মামলা দায়েরের পর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়।