উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রিটেনে বাংলা মাধ্যমে সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন দুই সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম। চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর আয়োজনে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। বার্মিংহামের অভিজাত নিউ বিংলে হলে আয়োজিত অনুষ্ঠানে দুই সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন।
অনুষ্ঠানে ব্যবসা, গণমাধ্যম, পেশাগত উৎকর্ষ ও কমিউনিটি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ জন সফল ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ব্রিটেনের ১৫টি সফল ব্যবসাপ্রতিষ্ঠানকেও বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিছবাউর রহমান বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মুহাম্মদ জুবায়ের প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা, টেলিভিশন সম্প্রচার, গণমাধ্যম নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০০৬ সালে চ্যানেল এস-এ যোগ দিয়ে দীর্ঘ ১৭ বছর সাংবাদিকতা করেন এবং চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা জীবনে তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন এবং কিয়ার স্টারমারসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
আ স ম মাসুম বাংলাদেশের সংবাদপত্র থেকে ব্রিটেনের টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতায় আড়াই দশকের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন গণমাধ্যমকর্মী। ২০১০ সাল থেকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বাংলা টিভির হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে রানার টিভি প্রতিষ্ঠা করেন এবং ২০১৯ সালে নতুনভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটিকে একটি ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলেন।