উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শ্যামলীতে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী। শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলীর শিশুমেলা এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা হ্যাঁচকা টানে তাঁর স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দৈনিক আমাদের সময়ের অপরাধবিষয়ক প্রতিবেদকদের প্রধান শাহজাহান আকন্দ শুভ মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন থানার এসআই রকিবুল। তিনি স্ত্রীর সঙ্গে আজিমপুরের বাসা থেকে কল্যাণপুরে যাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসআই রকিবুল জানান, ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে যেখানে ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও ঘড়িসহ অন্যান্য জিনিসপত্র ছিল। ঘটনার পর আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে।
সাংবাদিক শুভ থানায় দেওয়া অভিযোগে জানান, পারিবারিক কাজে তাঁর স্ত্রীর কল্যাণপুর থেকে বাসে কুষ্টিয়া যাওয়ার কথা থাকায় তিনি স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। রিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে ফুটব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ব্যাগটি ছিনিয়ে নেন।