উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দ্বিপক্ষীয় সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও তার সহধর্ামিণীকে বরণ করতে জাপানে বসবাসকারী ৫০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির মধ্যে সাজসাজ রব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তৈরির মাধ্যমে তাদের স্বাগত জানানোর প্রস্তুতি প্রচার করছেন। জাপানের শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং সম্ভাব্য কর্মী চুক্তি নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। পাশাপাশি ভিসা জটিলতা দূর করা ও রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার বিষয়েও সুনির্দিষ্ট পদক্ষেপের প্রত্যাশা করছেন প্রবাসীরা।
এই সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম ও জাপানি ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাপানি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা।
এদিকে ঢাকা ও টোকিওর নারিতা বিমানবন্দরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণায় প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এই সিদ্ধান্তে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।