উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউ ইয়র্কের জ্যামাইকায় মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সভায় বাংলাদেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন আমন্ত্রিত অতিথি ও বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথি মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তার দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, গুম, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের বিচার তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এছাড়া সাংবাদিক ও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বিচারব্যবস্থার স্বাধীনতা ও ভবিষ্যৎ আইনি সংস্কার নিয়ে কথা বলেন।
বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।